লক্ষ্মীপুরে অস্ত্র ও গুলিসহ ছাত্রলীগ নেতা সৌরভ হোসেন রুবেল ও যুবলীগ নেতা আতিকুল আলমকে আটক করেছে বিজিবি। বুধবার দুপুরে সদর উপজেলার মান্দারী ফাতেমা বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি এলজি, ২৬ রাউন্ড গুলি ও ১০টি কার্টুজ উদ্ধারসহ তাদের ব্যবহূত দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত সৌরভ মান্দারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। আটকের পর সে নিজেকে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দেন। অপর আটককৃত আতিকুল আলম দত্তপাড়া ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি।
পুলিশ জানায়, বুধবার ১টার দিকে সদর উপজেলার মান্দারী ফাতেমা বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে ২টি মোটরসাইকেল নিয়ে সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করছিল ঐ দুইজন। এসময় টহলরত বিজিবি সদস্যরা তাদের ব্যবহূত একটি ব্যাগ তল্লাশি করে অস্ত্র ও গুলিসহ ঐ দুই সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তাদের সাথে থাকা আরো দুই সন্ত্রাসী দৌড়ে পালিয়ে যায়।
গত ৩১ মার্চ লক্ষ্মীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলার চারটি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। ঐ ৪টি কেন্দ্রের একটি মান্দারী ফাতেমা বহুমুখী উচ্চ বিদ্যালয়। গতকাল এ কেন্দ্রে ভোট গ্রহণ হয়।
