রুহুল আমিনের অবৈধ সম্পদের খোঁজে দুদক

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২৩:৩৮
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে কয়েক কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ২ এপ্রিল দুদকে এবিএম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়ে। অভিযোগটি গত মঙ্গলবার যাচাই-বাছাই কমিটিতে পাঠানো হয়। গতকাল বুধবার কমিশন অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। দুদক সূত্রে জানা যায়, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের মালিকানাধীন ‘কে আর ফ্যাশনের’ নামে কুয়াকাটায় রয়েছে বেশ কয়েক একর জমি। কিন্তু দশম সংসদ নির্বাচনে তার দেয়া হলফনামায় এসব সম্পদের উল্লেখ নেই। এছাড়া কোটি টাকা মূল্যের সরকারি জমি দখলেরও অভিযোগ রয়েছে তার নামে। অভিযোগে জমি দখলের বিষয়ে আরো বলা হয়, কুয়াকাটা পুলিশ ফাঁড়ি সংলগ্ন সরকারি জমি, কুয়াকাটা প্রেসক্লাব রোড, পটুয়াখালী থেকে কুয়াকাটার প্রবেশপথ তুলাতলি এসব জায়গাতে তাদের সাইনবোর্ড রয়েছে। এগুলোর গায়ে লেখা রয়েছে: ক্রয় সূত্রে এ জমির মালিক ‘কে আর ফ্যাশন’। স্বত্বাধিকারী হিসেবে লেখা আছে, আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদারের নাম। সমুদ্র সৈকতের বাঁধ ঘেঁষেই তৈরি হচ্ছে রুহুল আমিনের বিলাসবহুল হোটেল। তবে হলফনামায় এই হোটেলের বিপরীতে সাত কোটি টাকা ঋণের কথা উল্লেখ রয়েছে।