ভারতের চলতি লোকসভা নির্বাচনে গুজরাটের বডোদরার আসনে মনোনয়নপত্র জমা দিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী। তার মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেন কিরণ মাহিদা নামের এক চা বিক্রেতাসহ ৫ জন। এদিকে লোকসভা নির্বাচনের পর বিজেপি নতুন জোট গঠনের পরিকল্পনা করছেন। খবর এনডিটিভি ও আনন্দবাজারের।
গতকাল বুধবার প্রায় ৪ কিলোমিটার রোড শো শেষে বডোদরার জেলা প্রশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন মোদী। সাড়ে ৯ টা নাগাদ বডোদরা পৌঁছান তিনি। এ সময় চার দিক ছিল লোকে লোকারণ্য। কড়া নিরাপত্তায় বডোদরার রাস্তায় সকাল থেকে দাঁড়িয়ে থাকা সমর্থক এবং দর্শনার্থীদের উদ্দেশে দু’হাত নাড়েন তিনি। গায়ে অফ হোয়াইট পাঞ্জাবির উপর গেরুয়া জ্যাকেট। পদ্মফুলের কাটআউট লাগানো হুডখোলা জিপে তাঁর সঙ্গে ছিলেন আনন্দি প্যাটেল, সৌরভ প্যাটেল, পুরষোত্তম রূপালা এবং নিতিন প্যাটেলের মতো রাজ্য বিজেপি’র প্রবীণ নেতারা। মনোনয়নপত্র জমা শেষে মোদী বলেন, বডোদরা আমার কর্মভূমি। আমার শিক্ষার শুরুটা গায়কোয়াড়দের প্রতিষ্ঠা করা স্কুলে। দেশসেবায় এই পরিবারের নাম উল্লেখযোগ্য। আগামী ৩০ এপ্রিল বডোদরার মানুষ গণতন্ত্রের উত্সবে সামিল হবে বলেও আশা প্রকাশ করেন মোদী। বডোদরা বিজেপি’র শক্ত ঘাঁটি। ২০০৯ সালে এই কেন্দ্রে বিজেপি’র প্রার্থী দেড় লাখ ভোটে জিতেছিলেন। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৬টি বিধানসভার মধ্যে ৫টিই বিজেপি’র দখলে। বাকি আসনটিতে নির্দলীয় প্রার্থী জিতলেও পরে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। এমন একটা ভাল পরিসংখ্যান থাকা সত্ত্বে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মোদীকে নিয়ে বিজেপি কোনো ঝুঁকি নেয়নি। তাঁকে বডোদরার পাশাপাশি উত্তরপ্রদেশের বারানসী থেকেও প্রার্থী করা হয়েছে। যদিও বারানসীতে এখনও মনোনয়নপত্র জমা দেননি মোদী। সেখানে তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। বডোদরায় চা বিক্রেতাকে আনার পর বারানসীতে মোদী কী চমক দেখান এখন সেটাই দেখার বিষয়।
নির্বাচনের পর জোট গঠন
বিজেপি সূত্র জানিয়েছে, নির্বাচনে যদি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ২৭২ টি আসন না পায় তাহলে যাতে ক্ষমতার বাইরে যাতে না থাকা লাগে সেজন্য নির্বাচন পরবর্তী একটি নতুন জোট গঠনেরও পরিকল্পনা করছে দলটি। যেসব দলের সঙ্গে জোট গঠন করা হতে পারে সেই দলগুলো হচ্ছে, জয়ললিতার অল ইন্ডিয়া আন্না ড্রাভিদা, মুনেত্র কাঝাগামের এআইএডিএমকে, নাভিন পাটনায়েকের বিজু জনতা দল, আসম গনো পরিষদ এবং হরিয়ানার ওম প্রকাশ চাউতালার ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল। এছাড়া মমতার তৃণমূল কংগ্রেস মায়াবতীর বহুজন সমাজ পার্টি, এবং মেহবুবা মুফতির জম্মু অ্যান্ড কাশ্মীর পিপলস ডেমোক্র্যাটিক পার্টিও তালিকায় আছে।
