ভারতের কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) চেয়ারপার্সন সোনিয়া গান্ধী বলেছেন, ক্ষমতায় যেতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী আসল চেহারাকে আড়াল করে রেখেছেন। গতকাল বুধবার কর্ণাটকে এক নির্বাচনী সমাবেশে সোনিয়া গান্ধী এ কথা বলেন। খবর এনডিটিভি’র।
সোনিয়া গান্ধী বলেন, জাদুকররা যেমন তাদের আসল চেহারাটাকে মুখোশের আড়ালে রেখে জাদু দেখান তেমনি মোদীও সেই কাজটি করছেন। তার কথায় মনে হয় তিনি দেশের সব খারাপ কিছু ভাল করার জাদুকর। কংগ্রেস নেত্রী গুজরাট মডেলের কথা উল্লেখ করে বলেন, কিছু মানুষ আছে যারা ছোট জিনিসকে বড় করে দেখান। তাদের কথায় মনে হয়, অন্য রাজ্যে কোনো ভাল কাজ হয়নি। কেবল গুজরাটেই হয়েছে। ইউপিএ চেয়ারপার্সন বলেন, সারা দেশে এখন দামী দামী বিলবোর্ড দেখা যায়। এসব বিলবোর্ডে সত্যকে লুকিয়ে রাখা হয়েছে। তিনি বলেন, গুজরাটে উন্নয়নের জন্য সংখ্যালঘুরা জীবন উত্সর্গ করেছেন। শিশুরা অপুষ্টিতে ভুগছে এবং উপজাতিরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেখানে নারীরা নানাভাবে নির্যাতনের শিকার এবং কৃষকদের জমি জোর করে দখল করা হয়েছে। এটাই গুজরাটের প্রকৃত অবস্থা বলে উল্লেখ করেন সোনিয়া।
