বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, আন্দোলন ছাড়া এ সরকারের পতন হবে না; কিন্তু আমরা সত্যিকার আন্দোলন করতে পারিনি। ব্যর্থ হয়েছি। তিনি বলেন, ২৯ ডিসেম্বর যদি আমরা নেতাকর্মীরা সাহসের পরিচয় দিতে পারতাম, তাহলে ৫ জানুয়ারি ‘অবৈধ’ ও ‘প্রহসনের’ নির্বাচন করতে এ সরকার সাহস পেত না।
‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় অভিযোগপত্র প্রদানের প্রতিবাদে এবং ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবীবসহ সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, নেতাদের মুক্তির দাবি প্রেস ক্লাবের চার দেয়ালের মধ্যে করলে হবে না। সারাদেশের মানুষ ও ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে উত্তাল আন্দোলনের মাধ্যমে নেতাকর্মীদের মুক্ত করে আনতে হবে। ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল করীম আবেদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সাবেক ছাত্রনেতা এবিএম মোশাররফ হোসেন, আজিজুল বারী হেলাল, শহীদুল ইসলাম বাবুল।
