জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘অবৈধ’ প্রধানমন্ত্রী বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘অর্বাচীন’ হিসেবে আখ্যায়িত করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এ বিষয়ে আমাদের ঘৃণা প্রকাশ করার ভাষা নেই।
আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে গতকাল বুধবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক প্রস্তুতি সভা শেষে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। মুজিবনগর দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির রাজনীতি এখন ক্যান্সারে আক্রান্ত। মাঠে পরাজিত হয়ে তারা এখন পাগলের প্রলাপ বকছে। তারেক রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া প্রসঙ্গে তিনি বলেন, আইনি পদক্ষেপের বিষয়টি আইন মন্ত্রণালয় চিন্তা করে দেখতে পারে। তবে তাদের এ ধরনের বক্তব্য জনগণ বিশ্বাস করে না। বাংলাদেশের মানুষকে তারা এই ধরনের বক্তব্য বিশ্বাস করাতে পারবে না।
মোহাম্মদ নাসিম মুজিব নগর সরকার দিবসের দলীয় কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে ওই দিন সকাল ৬টায় সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় গার্ড অব অনার ও আলোচনা সভা।
একই অনুষ্ঠানে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপির নেতাদের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। মস্তিষ্ক বিভ্রাট না ঘটলে জিয়াউর রহমানকে তারা ‘প্রথম রাষ্ট্রপতি’ বলতে পারতেন না।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী, এ এইচ খায়রুজ্জামান লিটন।
