নির্বাচন কমিশনের নির্দেশ মেনে নিলেন মমতা

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২৩:৫০
ভারতের পশ্চিমবঙ্গে অবশেষে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যেই রাজ্য সরকার সরিয়ে দিল সংশ্লিষ্ট জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ৭জনকে। গতকাল বুধবার সকালে নবান্ন থেকে কর্মকর্তাদের বদলির কার্যকরের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়। নির্বাচন কমিশনকেও সে কথা জানিয়ে দেওয়া হয়েছে। খবর আনন্দবাজারের। গতকাল উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসক সঞ্জয় বনশল, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক যথাক্রমে অলকেশ প্রসাদ রায় এবং অরিন্দম দত্তকে স্বরাষ্ট্র দপ্তরের ওএসডি পদে নিয়োগ করা হয়েছে। বনশলের জায়গায় ওই জেলার দায়িত্ব পেয়েছেন ওঙ্কার সিংহ মিনা। সিআইডি’র বিশেষ সুপার পদে নিয়োগ করা হয়েছে মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার হুমায়ুন কবির এবং ভারতী ঘোষকে। ভারতীদেবী ঝাড়গ্রাম পুলিশ জেলারও সুপার ছিলেন। এ দিন তাঁদের জায়াগায় দায়িত্ব নিয়েছেন ওয়াকার রাজা এবং সিসরাম ঝাঝারিয়া। ঝাড়গ্রামের দায়িত্ব পেয়েছেন অলোক রাজোরিয়া। তিনি বীরভূমের পুলিশ সুপার ছিলেন। তাঁর জায়াগায় দায়িত্ব নিয়েছেন রশিদ মুনির খান। অন্য দিকে পুলিশ ডাইরেক্টরেটে বদলি হলেন বর্ধমান এবং মালদহের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হুসেন মির্জা এবং রাজেশ যাদব। তাঁদের জায়গায় ওই দুই জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিয়েছেন মিরাজ খালিদ এবং রূপেশ কুমার।