মাফ করে দাও, একটু কৌতূহলবশে দেখতে চেয়েছি :
রাজার পথের জন্য প্রজাদের কী কী দরকার।
ভুল হয়ে গেছে; তবু আমাকে মেরো না।
কথা দিচ্ছি আর দেখবো না।
আমাকে এখন যেতে দাও। বাসায় অনেক কাজ...
কাপড়ে সাবান মেখে লাল বালতিটার মধ্যে চুবিয়ে রেখেছি।
ফর্শা করে কাচতে হবে জামা—যেন, মেলে দিলে ভোর হয়ে যায়।
কালো প্যান্টটাকে ঠিক সেইভাবে কাচতে হবে, যেন
পৃথিবীর সব ঘুম অনায়াসে ঢুকে যেতে পারে,
ঘন তমিস্রায়।
মেরো না; আমাকে ছেড়ে দাও।
কালরাতে অন্ধকারে সদ্যপরিচিত কালো বিড়ালের বাচ্চাটাও
হয়তোবা এসে গেছে, এতোক্ষণে আমাকে খুঁজছে।
তাকে গুঁড়োদুধ গুলে খাওয়ানোর কথা। সে আমাকে শিখিয়েছে
বিড়াল ধরতে গেলে নিজেকেও শাদা হতে হয়
—মায়ের দুধের মতো শাদা।
আমাকে বাড়িতে যেতে দাও। মায়ের বুকের ব্যথা আবারও বেড়েছে।
সন্ধ্যার আগেই, বাসকপাতার রস, থানকুনিপাতা নিতে হবে;
আসনের জন্য ধূপধুনো।
মায়ের কাশির শব্দে, বিড়ালের ক্ষুধার্ত কান্নায়
শার্ট আর প্যান্ট থেকে উড়ে যাচ্ছে রঙিন বুদ্বুদ।...
