দাম্পত্যজীবনে ভালোবাসার অহেতুক লড়াই, দ্বন্দ্ব, কারো প্রতি প্রেমের অদ্ভুত আসক্তি, পরকীয়ার রঙিন মোহ এবং অবশেষে ভুলকে ফুল করে প্রিয় ঘরে প্রিয় মানুষের কাছে ফিরে আসার টেলিফিল্ম ‘ভালোবাসার কাছে ফেরা’। রুদ্র মাহফুজের রচনা ও বি ইউ শুভর পরিচালনায় টেলিফিল্মটি আগামীকাল শুক্রবার এটিএন বাংলায় রাত ১১টায় প্রচারিত হবে। এতে অভিনয় করেছেন চিত্রনায়িকা চম্পা, আরফান নিশো, শখ, রাশেদ শুভসহ আরও অনেকে। টেলিফিল্মটি প্রসঙ্গে শখ বলেন, ‘এখানে নীলা নামের এক তরুণীর ভূমিকায় আমি অভিনয় করেছি। দাম্পত্যজীবনে সুখের অন্বেষণে কী করে একটি মেয়ে তার স্বামীর অনাদর-অবহেলায় অন্য কারো বাহুতে নিজের সর্বশেষ আশ্রয় খুঁজে এবং পরবর্তীতে ভুলের মাশুল গুণে ফিরে আসে আপন ভালোবাসার কাছে, তা দেখানো হয়েছে। ভিন্নধারার গল্প ও নির্মাণের মেলবন্ধন ঘটেছে টেলিফিল্মটিতে, একথা নিঃসন্দেহে বলা যায়। আশা করি টেলিফিল্মটি দর্শকদের ভালো লাগবে।’
