নির্যাতনের শিকার কাল্কি

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ২০:৪৬
কাল্কি কোচলিন অভিনীত প্রথম চলচ্চিত্র ‘দেব ডি’ মুক্তি পায় ২০০৯ সালে। এই ছবির গল্পে দেখা যায়, তার প্রেমিক তাকে বিভিন্নভাবে বুঝিয়ে দৈহিক সম্পর্কের ভিডিওটি মোবাইল ও অনলাইনে ছড়িয়ে দেয়। যার ফলে তার সামাজিক ও পারিবারিক অবস্থানের অবনতি ঘটে। পরবর্তীতে তিনি পতিতাপল্লীতে যোগ দেন। ঘটনাটা পুরোপুরি সত্যি না হলেও, খানিকটা সত্যি তার জীবনে। নিজেই জানালেন, শৈশবে যৌন হেনস্থার শিকার হওয়ার কথা। কাল্কি জানান, দীর্ঘদিন বুকে পাথর চাপা দিয়ে রেখেছিলেন তিনি। এই কথা জানাতে বহু বছর সময় লেগেছিল তার। লেখা, ছবি আঁকা ও অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে সবসময় স্বাভাবিক রাখার চেষ্টা করেছেন তিনি। তিনি বলেন, ‘আমি কখনও সাহস পাইনি ছোটবেলায় নিজের যৌন হেনস্তা হওয়ার ঘটনা সবার সামনে তুলে ধরতে। তবে আমি বলব, যারা আমার মতো ছোটবেলায় নির্যাতিত হয়েছেন, তারা যেন খোলামেলাভাবে বিশ্বস্ত কারও কাছে ঘটনা খুলে বলেন। তাহলে নিজেকে মুক্ত করতে পারবেন।’