মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সংঘর্ষে নিহত ৩০

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ২০:৫৯
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিগত সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো দশজন। পুলিশ বলেছে, খৃস্টান ও মুসলিম মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষে ডেকোয়া শহরে এই হতাহতের ঘটনা ঘটে। রাজধানী বাংগুই থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে ডেকোয়া শহরে মঙ্গলবার ভোরে খৃস্টান মিলিশিয়ারা সেখানে আগে থেকেই অবস্থান নেয়া মুসলিম মিলিশিয়াদের ওপর হামলা চালায়। এরপর মুসলিম মিলিশিয়ারা ঐ এলাকায় নিজেদের শক্তি আরো জোরদার করে পাল্টা হামলা চালায় এবং উভয় পক্ষই পাল্টাপাল্টি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন নিহত ও ১০ জন আহত হয়। এরকম সংঘাতপূর্ণ অবস্থায় দেশটিতে আরো বেশি সংখ্যক আফ্রিকান ও ফরাসি সৈন্য পাঠানোর জন্য তাগিদ দিয়েছেন জাতিসংঘে নিয়োজিত মার্কিন প্রতিনিধি। দেশটিতে শান্তি স্থাপনের জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে সৈন্যসংখ্যা আরো বাড়ানো হবে কি না তা নিয়ে গতকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক ভোট হবার কথা রয়েছে। উল্লেখ্য, সোনা, হীরা ও অন্যান্য প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই দেশটিতে রাজনৈতিক বিভেদকে কেন্দ্র করে গতবছরের ডিসেম্বর থেকেই সংঘাত চলছেই। দেশটিতে প্রায় একদশক ধরে ক্ষমতায় থাকা খৃস্টান প্রেসিডেন্ট ফ্রান্সিস বোজিজকে ক্ষমতাচ্যুত করে গতবছর দেশটির প্রথম মুসলিম প্রেসিডেন্ট হন মিশেল জতোদিয়া। কিন্তু তারও পতন হয় এবছর জানুয়ারিতে। এরপর থেকে দেশটিতে খৃস্টান ও মুসলিমদের মধ্যে জাতিগত সংঘর্ষ ব্যাপক রূপ লাভ করেছে। সংঘর্ষে কয়েক হাজার নিহত এবং দশ লাখের বেশি মানুষ ঘরছাড়া হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।