গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ও লেনদেন কমেছে। তবে কয়েকদিনের ধারাবাহিকতায় গতকালও লেনদেন হয়েছে বড় মূলধনী কয়েকটি কোম্পানি ঘিরে। এরমধ্যে রয়েছে গ্রামীণফোন, লাফার্জ সুরমা এবং হাইডেলবার্গ সিমেন্ট। এ তিনটি কোম্পানিতেই মোট লেনদেনের প্রায় ২৭ ভাগ লেনদেন হয়েছে। ডিএসইতে সূচক কমলেও বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনশেষে সূচক আগের কার্যদিবসের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯০০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে মোট ২২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। আর লেনদেনের পরিমাণ ৩৯ কোটি ৭ লাখ ২৮ হাজার ৩৬১ টাকা। যা গত কার্যদিবসের চেয়ে ৭৬ লাখ ৮২ হাজার ৫৯ টাকা বেশি।
এদিকে গতকাল ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিমেন্ট খাত। এ খাতে লেনদেন হয়েছে ৬৭ কোটি ৩৭ লাখ টাকা। যা বাজারের মোট লেনদেনের ১৬ ভাগ। এছাড়া গ্রামীণফোনে বড় অঙ্কের লেনদেন ঘিরে টেলিকমিউনিকেশন খাতেও লেনদেন বেড়েছে। এ খাতে লেনদেন হয়েছে ৫৮ কোটি টাকা। যা বাজারের মোট লেনদেনের প্রায় ১৪ ভাগ।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১ পয়েন্ট কমে ৪ হাজার ৫৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৪২০ কোটি ৮১ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১১৬ কোটি ৬৪ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৯৪টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের।
