প্রবাসী বাংলাদেশীদের নিজস্ব জেলা অনুযায়ী রেমিট্যান্স লেনদেনের হিসাব রাখবে বাংলাদেশ ব্যাংক। এজন্য বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সকল অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক দৈনন্দিন ভিত্তিতে রেমিট্যান্সের তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। নতুন ফরম্যাট অনুযায়ি রেমিটারের নিজ জেলা ওয়ারী তথ্য পাঠাতে হবে। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার করে সকল এডি ব্যাংকে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের গুরুত্ব বিবেচনায় বিদেশে কর্মরত বাংলাদেশীদের নিজ জেলা ওয়ারী দৈনিক ভিত্তিতে রেমিট্যান্স লেনদেন সংগ্রহ করার সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী নতুন ফরমের মাধ্যমে মাসিক ভিত্তিক রেমিট্যান্সের তথ্য পাঠানোর পাশাপাশি রেমিটারের নিজ জেলা ওয়ারী দৈনিক ভিত্তিতে রেমিট্যান্সের তথ্য পরবর্তী কর্মদিবসের সকাল ১১টার মধ্যে ব্যাংকের পরিসংখ্যান বিভাগে পাঠাতে হবে। সার্কুলারে আরো বলা হয়েছে, মাসের শেষ দিনের ক্রমযোজিত রেমিট্যান্সের পরিমানের সঙ্গে মাসের মোট রেমিট্যান্সের পরিমাণের মিল থাকতে হবে। এছাড়া বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের রেমিট্যান্সের সকল তথ্য ওই ফরমে সংযুক্ত করতে হবে। আগামী পহেলা মে থেকে নতুন নিয়ম কার্যকর হবে।
