বৈশাখী শাড়ি তৈরিতে ব্যস্ত বেলকুচি এনায়েতপুরের তাঁতপল্লী

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ২১:১৫
বাঙালির প্রাণের উত্সব পহেলা বৈশাখ। এ উত্সবকে সামনে রেখে সিরাজগঞ্জের তাঁত শিল্পসমৃদ্ধ বেলকুচি, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার তাঁতিরা বৈশাখী শাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। শ্রমিক-কর্মচারীর পাশাপাশি সবাই এখন ব্যস্ত একাজে। পহেলা বৈশাখে সিরাজগঞ্জের শাড়ির ব্যাপক চাহিদা থাকায় শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, ফতুয়াসহ অন্যান্য বৈশাখী পোশাক তৈরিতে তাঁত পল্লীর পাশাপাশি প্রিন্টিং কারখানার শ্রমিকদের বিশ্রামের সুযোগ নেই। তারা দিন-রাত নতুন নতুন ডিজাইনের বিভিন্ন সাইজের শাড়ি ও লুঙ্গিসহ পোশাক প্রিন্ট করছেন। বেলকুচি, এনায়েতপুর ও শাহজাদপুরে প্রায় ৭০টি কারখানায় চলছে শাড়ি, লুঙ্গি ও ফতুয়া প্রিন্টের কাজ। এতে বাংলার ঐতিহ্য ঢোল, ডুগি-তবলা, একতারা, দোতারা, পাখা, ঘুড়িসহ নানা ধরনের আল্পনা আঁকা হচ্ছে। কারখানা মালিক ও শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, সারা বছর কাজ চললেও পহেলা বৈশাখকে কেন্দ্র করে তাদের দম ফেলানোর সুযোগ নেই। অতিরিক্ত অর্ডারের জন্য অগ্রিম টাকা নেয়া হয়েছে। চাহিদা অনুযায়ী সরবরাহ করতে একটু সমস্যা হচ্ছে বিদ্যুতের লোডশেডিংয়ের জন্য। এবিষয়ে বেলকুচির সোনার বাংলা টেক্সটাইলের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম রফিক জানান, এখানকার উত্পাদিত শাড়ি ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান দখল করে নিয়েছে। এছাড়া ভারতেও রপ্তানি হচ্ছে। বর্তমানে অধিক হারে অর্ডার পাওয়া যাচ্ছে।