মনোহরগঞ্জে খালের ওপর অপরিকল্পিত ড্যাম নির্মাণ

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ২১:১৫
অনিশ্চিত হাজার হাজার একর জমির চাষাবাদ কুমিল্লার মনোহরগঞ্জে ডাকাতিয়ার শাখা খালে বিএডিসির অপরিকল্পিত সাবমারসিবল ড্যাম নির্মাণে অনিশ্চিত হয়ে পড়েছে ১ হাজার একর কৃষি জমির চাষাবাদ। ফলে ওই এলাকার ১০ হাজার কৃষকের ক্ষতির সম্মুখীন হওয়ার আশংকা রয়েছে। সরেজমিন দেখা গেছে, ডাকাতিয়ার শাখা চৌরাইশ-শ্রীয়াং খালের মাথায় বিএডিসির উদ্যোগে সাবমারসিবল ড্যাম (ডুবন্ত বাঁধ) নির্মাণ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান মনির এন্টারপ্রাইজ। স্থানীয় বাসিন্দারা জানান, এই বাঁধটি নির্মাণ হলে আশপাশের চৌরাইশ, গোবিন্দপুর, লালচাঁদপুর, নোয়াগাঁও, ছিখুটিয়া, রাজাপুর, বাংলাইশ, ছনুয়া, বেরনাইয়া, শ্রীয়াংসহ প্রায় ১৫টি গ্রামের ১ হাজার একর কৃষি জমি জলাবদ্ধতার কবলে পড়বে। তাছাড়া সামান্য বৃষ্টিতে পানি জমে ১৫টি গ্রাম প্লাবিত হবে। বাঁধটি নির্মাণ না করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছে ঐ এলাকার কৃষকরা। এলাকার প্রবীণ কৃষক আব্দুর রব মোল্লা জানান, বাঁধটি নির্মাণ হলে এ এলাকার একমাত্র ফসল বোরো চাষ থেকে বঞ্চিত হবে কয়েক হাজার কৃষক। ফলে বাঁধটি নির্মাণ না করার দাবি জানিয়েছে এলাকাবাসী।