নেত্রকোনা বোরো আবাদের জন্য বিখ্যাত হলেও এবার এ জেলায় হাওড় অঞ্চলসহ ৫টি উপজেলার বিআর-২৮ জাতের বোরো ফসলে চিটা দেখা দিয়েছে। অনেক কৃষকের জমির ধান চিটা হয়ে গেছে। স্থানীয় কৃষিবিভাগ বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত এ সমস্যাটির নাম—‘কোল্ড ইনজুরি’। কোল্ড ইনজুরিতে ক্ষতিগ্রস্ত উপজেলাগুলো হচ্ছে,খালিয়াজুরি, মোহনগঞ্জ, মদন, কেন্দুয়া এবং কলমাকান্দার কিছু অংশ। জানা গেছে, জেলার খালিয়াজুরি উপজেলার কটিচাপড়া, ফুলিয়া, সেনের বিল, বেড়িখালি, কাদিরপুর, নূরপুর, গোবিন্দডোবা, বাবনী, বোয়ালী, জগন্নাথপুর ও মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া এবং ডিঙ্গাপুতা হাওরের শত শত একর বোরো জমি কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়েছে। এসব এলাকার কিছু জমিতে ইতিমধ্যে ধানকাটা শুরু হলেও বিআর-২৮ জাতের অনেক ক্ষেতে দেখা গেছে— ধানের শীষগুলো চিটার কারণে খাড়াভাবে দাঁড়িয়ে আছে। চিটা সর্বস্ব এসব ধানে কোনো চাল হয়নি। মোহনগঞ্জের কৃষি কর্মকর্তা মফিজুল ইসলাম নাফিজ জানান, ওই অঞ্চলে তেঁতুলিয়া এলাকার বিভিন্ন হাওড়ের কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি এবং খালিয়াজুরির কৃষি কর্মকর্তা আব্দুল হাই চৌধুরী জানান, ‘যেসব কৃষকরা আগাম অর্থাত্ অগ্রহায়ণের দ্বিতীয় সপ্তাহ থেকে পৌষের প্রথম সপ্তাহের মধ্যে জমিতে বোরো ধান রোপণ করেছেন- তাদের জমিতেই কোল্ড ইনজুরি বেশি হয়েছে।
