গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই গ্রুপের ঘণ্টাব্যাপী সংঘর্ষে কমপক্ষে ৩০জন আহত হয়েছে। এ সময় দু’টি বাড়ি ভাংচুর, গুলিবর্ষণ ও টিয়ারসেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামের কামাল ও ইউসুফ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মারাত্মক আহতদের গোপালগঞ্জ ও কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার কাজুলিয়া-আশুতিয়া সড়কে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় আশুতিয়া গ্রামের কামাল মোল্লা একই গ্রামের ইউসুফ শেখকে ধাক্কা দেয়। এ নিয়ে বুধবার দুই গ্রুপের লোকজন সংঘর্ষে লিপ্ত হলে ২০ জন আহত হয়। বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে কামালের লোকজন ইউসুফের সমর্থক আবু আল শেখ ও জিকরুল শেখের বাড়িতে হামলা করে ভাংচুর করে। এ নিয়ে সকাল ৭ টার দিকে দুই গ্রুপের লোকজন ফের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ ও টিয়ারসেল নিক্ষেপ ও ৫ জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
