নোয়াখালীতে স্কুলছাত্রীসহ বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
চারঘাটে বাস খাদে পড়ে নিহত ২
রাজশাহীর চারঘাট উপজেলার হরিপুর তালতলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত এবং কমপক্ষে ২৯ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এই দুর্ঘটনায় আহতদের মধ্যে ২২ জনকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পুলিশের দুই উপ-পরিদর্শকসহ ৭ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে পবা উপজেলার শিতলাই নতুনপাড়ার কাদিপুর গ্রামের নিমাই বিশ্বাসের পরিচয় পাওয়া গেছে।
নোয়াখালীতে স্কুলছাত্রী নিহত
স্কুল ছুটির পর বাসায় ফেরার পথে ইজিবাইকের নিচে চাপা পড়ে জেলা শহরের পিটিআই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী তানজিলা সুলতানা (৯) নিহত হয়। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে স্কুলের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
চাঁদপুরে হতাহত ২
চাঁদপুরের মতলব-পেন্নাই সড়কের রালদিয়া কালি ভাংতি নামক স্থানে বুধবার মোটর সাইকেল দুর্ঘটনায় বিল্লাল হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। একই সময় গুরুতর আহত হয়েছে তার সঙ্গে থাকা আরেক আরোহী অপেল (১৮)। বিল্লাল চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের মোতালেব হোসেন মন্টুর ছেলে। সে ঠিকাদারী কাজ করতো। অপেল একই এলাকার জালাল হোসেনের ছেলে।
চকরিয়ায় আইনজীবী নিহত
চকরিয়ায় যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় মির্জা মো.সিরাজদৌল্লাহ (৫৪) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। বুধবার দুপুরে শহরের সোসাইটি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তিনি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পৌরসভার মগবাজার এলাকায়।
নলকায় গৃহবধূর মৃত্যু
বুধবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা নলকার মোড়ে মারজানুর পরিবহনের একটি কোচ ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে উক্ত স্থানে একটি যাত্রাবাহী রিকশাভ্যানকে ধাক্কা দিলে ভ্যানযাত্রী পিঞ্জিরা খাতুন (৩৫) নামের এক গৃহবধূ ঘটনাস্থলেই মারা যান এবং পিঞ্জিরার শিশু সন্তানসহ মোট ৪ যাত্রী আহত হন।
ভাঙ্গায় গাড়ি চাপায় শ্রমিক নিহত
গত বুধবার রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা মাওয়া সড়কের মালিগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন কলাতলা নামক স্থানে ইটের গাড়ি চাপায় রিপন মিয়া (২৪) নামে এক শ্রমিক নিহত হয়। তার বাড়ি উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপুট্টি গ্রামে।
মেহেরপুরের আমঝুপিতে নিহত-১
মেহেরপুর-চুয়াডাঙ্গা প্রধান সড়কের আমঝুপিতে ২টি মোটর সাইকেলের মুখোমুখি দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হওয়ার ঘটনা ঘটে। জানা যায়, বুধবার মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের হাটপাড়ার মৃত চান্দু মিয়ার বড় ছেলে সার্থক আলী মন্ডল মোটর সাইকেলযোগে আমঝুপি থেকে ফেরার পথে বিপরীত দিক থেকে আরেকটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পথচারীরা আহত তিনজনকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। একপর্যায়ে সার্থক আলীকে এ্যাম্বুলেন্সযোগে ঢাকা নেয়ার পথে পাটুরিয়া ফেরিঘাটে মারা যান।
