ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
জেলার ভুরুঙ্গামারীতে বহুল আলোচিত ফোর মার্ডার মামলার ৪ আসামিকে গত মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন তদন্ত শেষে হত্যাকারী সন্দেহে তাদের গ্রেফতার করা হয়। এর আগে ১ জনকে গ্রেফতার করে ২ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। ভুরুঙ্গামারী থানার ওসি হাসান ইনাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত সুলতান হোসেনের মেয়ে মৌসুমী আক্তারের সাক্ষ্য অনুযায়ী তার বড় চাচা মমতাজকে (৬৫) গ্রেফতার করা হয়। পরে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে গত মঙ্গলবার রাতে কামাত আঙ্গারীয়া গ্রামের নুরুজ্জামান কশাইয়ের ২ ছেলে নাইনুল ইসলাম (২৩) ও লাভলু হোসেন (২১) গ্রেফতার হন। এছাড়া মমতাজের ছেলে রাজু আহম্মেদকে (২৫) গ্রেফতার করা হয়। তাদের প্রত্যেকের ৮ দিন করে রিমান্ড চাওয়া হলে আদালত শুনানি শেষে ৪ দিন ও ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করে।
