চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর শরীরে তল্লাশী করে ১ কেজি ৮৬৬ গ্রাম সমপরিমাণ ১৬টি স্বর্ণের বার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। বুধবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মূল্য প্রায় ৮০ লাখ টাকা। এ ঘটনায় আজিজুল মনির মাহফুজ নামে এক যাত্রীকে আটক করা হয়। মাহফুজের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। স্বর্ণের বারগুলো যাত্রীর জুতার সুকতলার সাথে টেপ দিয়ে মোড়ানো ছিল। চট্টগ্রাম কাস্টমসের সহকারি কমিশনার মশিউর রহমান মন্ডল আটক যাত্রীর পাসপোর্ট জব্দ করে তার বিরুদ্ধে কাস্টমস আইনে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান।
