টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফে গতকাল বৃহস্পতিবার ভোরে পুলিশের সঙ্গে ইয়াবা ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধে পুলিশের তিন সদস্যসহ চারজন গুলিবিদ্ধ হয়েছে। পরে ঘটনাস্থল থেকে এক হাজার ইয়াবা, এলজি ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। এ ঘটনাটি ঘটেছে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলি গ্রামে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত্ কুমার বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসছে খবর পেয়ে পুলিশ কেরুনতলি গ্রামে বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় অবস্থান নেন।
চোরাকারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে ২০-২৫ রাউন্ড গুলি করলে পুলিশও আত্মরক্ষার্থে ১২ রাউন্ড গুলি ছোঁড়ে। বন্দুকযুদ্ধে পুলিশের এসআই রাজেশ বড়ুয়া, কনষ্টেবল মিহির চন্দ্র ও হাবিবুর রহমান এবং চোরাকারবারি রমজান আলী গুলিবিদ্ধ হন।
তাদের টেকনাফ ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল গ্রামের বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে রমজান আলীকে আটক করে। (ওসি) রনজিত্ কুমার বড়ুয়া আরও জানান, এ ঘটনায় আটক রমজান আলীকে প্রধান আসামি করে পৃথক তিন মামলা রুজু করা বলে জানিয়েছেন তিনি।
