পরিবেশ অধিদপ্তরের অভিযান
পরিবেশ দূষণের দায়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের ৫ টি শিল্প প্রতিষ্ঠানকে ১ কোটি ৮০ লাখ টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর এই জরিমানা করেন।
তিনি চট্টগ্রাম শহরের কর্ণফুলী এলাকায় এস আলম গ্রুপের প্রতিষ্ঠান এস আলম রিফাইন্ড সুগার মিলস লিঃ, এস আলম স্টিল মিলস, এস আলম ভেজিটেবল ওয়েল মিলস লিঃ, এস আলম কোল্ড রোল স্টিল মিলস লিঃ এবং চেমন ইস্পাত লিঃ পরিদর্শন করেন। আলম রিফাইন্ড সুগার মিলস লিঃ নামক কারখানা সৃষ্ট কয়েকশ’ টন অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে নির্গমন করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি করে আসছিল। এ অপরিশোধিত তরল বর্জ্যে DO, COD I BOD আদর্শ মানমাত্রার বাইরে থাকায় নদীর পানিতে বিদ্যমান মাছ ও জলজ জীব বাঁচতে পারে না।
গ্রুপটি একইভাবে ২০১০ সাল থেকে পরিবেশগত ছাড়পত্র নবায়ন ব্যতীত এবং ইটিপি বন্ধ রেখে এস আলম স্টিল মিলস, এস আলম কোল্ড রোল স্টিল মিলস লিঃ এবং চেমন ইস্পাত মিলস লিঃ কারখানাগুলো পরিচালনা করে আসছিল। এ সকল শিল্প-কারখানায় উত্পাদিত ঢেউটিন তৈরিতে প্রচুর পরিমাণে এসিড ও জিংক ব্যবহার করা হয়। বিদ্যমান এ সকল বর্জ্য পরিশোধন ছাড়াই বাইরে নির্গত করার কারণে ব্যাপকভাবে মাটি ও পানি দূষিত হয়।
