আফগানিস্তানের ব্যাটিং কোচ আমির সোহেল

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ২২:১৫
পাকিস্তানের সাবেক অধিনায়ক আমির সোহেলকে সংক্ষিপ্ত সময়ের জন্য আফগানিস্তান ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। আফগান ক্রিকেট বোর্ড (এসিবি) গত বুধবার জানায়, পাকিস্তানে একটি অনুশীলন ক্যাম্পে আফগান ক্রিকেটারদের সঙ্গে যোগ দেবেন আমির সোহেল। এসিবি কর্মকর্তারা জানান, সেদেশের প্রিমিয়ার লিগের জন্য আফগান ক্রিকেটারদের প্রস্তুত করতে পাকিস্তানে এ অনুশীলন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমির সোহেল পাকিস্তানের হয়ে ১৫৬ ওয়ানডে এবং ৪৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। এখন আফগান ব্যাটসম্যানদের পারফরমেন্সের উন্নতিতে সহায়তা করবেন তিনি। এসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. নূর মোহাম্মদ বলেন, আমির সোহেল পাকিস্তানের একজন অভিজ্ঞ সাবেক ক্রিকেটার এবং আফগানিস্তান ব্যাটিং লাইনআপের উন্নতি ঘটাতে সংক্ষিপ্ত সময়ের জন্য তাকে নিয়োগ করা হয়েছে। তিনি আরো বলেন, আফগান দলের জন্য আরো একজন কোচ নিয়োগের ব্যাপারেও আলোচনা হয়েছে। তবে নিরাপত্তার ইস্যুতে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি। - বাসস