বাংলা নববর্ষ উপলক্ষে চট্টগ্রামের বাজারে এখন ইলিশ মাছের চাহিদা তুঙ্গে। চাহিদার তুলনায় সরবরাহ যথেষ্ট না হলেও বাজারে বিভিন্ন সাইজের ইলিশ মিলছে। বড় সাইজের প্রতি কেজি ইলিশের দাম ১৫০০ থেকে ১৬০০ টাকা উঠেছে। মাঝারি সাইজের প্রতি কেজি ইলিশের মূল্য ৮০০ থেকে ৯০০ টাকার মধ্যে। তবে জাটকার কাছাকাছি ছোট ধরনের ইলিশ সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকা কেজিতে মিলছে। এই ছোট সাইজের ইলিশ ১ কেজিতে ৩/৪টি মিলে। এতেই নিম্ন আয়ের ক্রেতারা খুশি।
নগরীর অভিজাত বাজারগুলোর মধ্যে কাজীর দেউরি, সিডিএ মার্কেট, ষোলশহর কর্ণফুলী সুপার মার্কেট, চকবাজার, আগ্রাবাদ কাঁচাবাজারসহ সর্বত্রই ইলিশের ব্যাপক বেচাকেনা হচ্ছে। বাজারে টাটকা ইলিশের পাশাপাশি হিমাগারে সংরক্ষিত ইলিশও আসছে বলে জানান ক্রেতারা। অভিজাত মার্কেটগুলোতে ২ থেকে আড়াই কেজির বড় ইলিশ ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা। তবে এই ধরনের ইলিশ সবসময় মিলে না।
এদিকে নগরীর ফিশারিঘাট, হালিশহর ফইল্লাতলী, সদরঘাটের আড়তদাররা জানান, সদ্য ধরা ইলিশ নিয়ে চট্টগ্রামের বিভিন্ন ঘাটে ভিড়ছে জেলে নৌকা। ঘাটে ভিড়ার সাথে সাথেই সেসব ইলিশ কিনে নিচ্ছে আড়তদাররা। আড়তদাররা জানান, বিদ্যুত্ সরবরাহ স্বাভাবিক থাকায় তারা মাছ সংরক্ষণ করে খুচরা বাজারে সরবরাহ করতে পারছেন। ফলে ইলিশের দাম গত বছরের এই সময়ের তুলনায় অনেকটা কম।
