বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকার মিথ্যা মামলা ও গ্রেফতার করছে। আইন-শৃঙ্খলা বাহিনী রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন চালাচ্ছে। দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিএনপি নেতাকর্মীদের বাসভবনে পৈশাচিক হামলা চালিয়ে লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে।
পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রব মিয়ার বাসভবনে ভাংচুর ও লুটপাটের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, এম এ রব মিয়ার বাসভবনে সন্ত্রাসীদের হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।
