তিস্তার পানির ন্যায্য হিস্যা দাবি

গণতান্ত্রিক বাম মোর্চার রোডমার্চ সম্পন্ন

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ২৩:০৯
ঢাকা-তিস্তা রোড মার্চের শেষ দিনে বক্তারা বলেছেন, তিস্তার পানি অন্যায্যভাবে ভারত সরকার প্রত্যাহার করছে। তিস্তা রক্ষা তথা বাংলাদেশকে রক্ষার আন্দোলন এই রোড মার্চ। গতকাল বৃহস্পতিবার গণতান্ত্রিক বাম মোর্চার রোড মার্চ রংপুর থেকে পাগলাপীর, চন্দনের হাট, বড় ভিটা, জলঢাকা, চাপানি বাজার হয়ে নীলফামারির দোয়ানি বাজারে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। পথে বিপুল মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণতান্ত্রিক বামমোর্চার রোড মার্চে যুক্ত হয়ে গণতান্ত্রিক বামমোর্চার দাবির সাথে সংহতি প্রকাশ করেন। দোয়ানি বাজারে সমাবেশ শেষে তিস্তা ঘোষণা পাঠ করেন সভার সভাপতি ও বাম মোর্চার সমন্বয়ক অধ্যাপক আবদুস সাত্তার। ১৬ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ এবং মে মাসে যৌথ নদী নিয়ে জাতীয় কনভেনশনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে সমাবেশে। সমাবেশ বক্তারা বলেন, তিস্তা-পদ্মাসহ অভিন্ন নদীগুলো থেকে ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলে পরিবেশ ও কৃষি হুমকির মুখে পড়েছে। আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী নদীর প্রবাহ রক্ষায় ভারতকে বাধ্য করার কোন উদ্যোগ সরকার নিচ্ছে না। নতজানু পররাষ্ট্রনীতির কারণেই অভিন্ন নদীর প্রশ্নটি আন্তর্জাতিক ফোরামে তুলছে না সরকার। গত ৮ এপ্রিল ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে রোড মার্চটি গতকাল দোয়ানি বাজারে তিস্তা ব্যারেজ সন্নিহিত এলাকায় সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।