সিরাজগঞ্জে আওয়ামী লীগ জামায়াত সংঘর্ষে নিহত ১

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ২৩:০৯
জেলার বেলকুচি উপজেলার ধুলিরচর গ্রামে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আলমগীর হোসেন (২৫) নামে এক শিবির কর্মী নিহত হয়েছে। নিহত আলমগীর হোসেন একই গ্রামের জসিম উদ্দিন বদ্দুর ছেলে। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা জামায়াত আগামী রবিবার বেলকুচি উপজেলায় আধাবেলা হরতালের ডাক দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ধুলিরচর গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদের বাড়িতে গত বছর হামলার ঘটনায় গ্রামের জামায়াত নেতা আসলাম উদ্দিনের সঙ্গে তার বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে বুধবার রাত সাড়ে ১০টার দিকে আব্দুল মজিদ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আসলাম উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এ সময় জামায়াত ও বিএনপি’র নেতাকর্মীরা তাদের ধাওয়া করলে তারা পিছু হটে। প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, রাত দেড়টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ফের হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে আলমগীর হোসেনকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বওড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রুবেল রানা ও চরদুলগাগরাখালি গ্রামের হাবিবুর রহমানের ছেলে আমিন উদ্দিনকে আটক করেছে। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ইউসুফ জী খান জানান, বুধবার রাতে জামায়াত শিবিরের নেতাকর্মীরা হামলা চালালে এই ঘটনা ঘটে। এদিকে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শহীদুল ইসলাম জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। কর্মী হত্যার ঘটনায় জেলা জামায়াতের সিদ্ধান্তে আগামী রবিবার বেলকুচিতে আধাবেলা হরতাল ডাকা হয়েছে। বেলকুচি থানার ওসি আব্দুল হাই জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।