তৃতীয় পর্বে ১১ রাজ্যে ৯১ আসনে ভোটগ্রহণ

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ২৩:১৯
ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় গতকাল বৃহস্পতিবার রাজধানী দিল্লীসহ ১১টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯১ টি আসনে ভোট গ্রহণ করা হয়েছে। ভারতের মিডিয়াগুলো জানিয়েছে, জম্মু ও কাশ্মীরে কিছু বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর বাইরে বেশিরভাগ এলাকায় ভোটগ্রহণ শান্তিপূর্ণ ছিল। ভোটার উপস্থিতির হার ছিল ৭২ থেকে ৬০ শতাংশের মধ্যে। তবে রাতের মধ্যে বেশ কিছু এলাকার ভোটার উপস্থিতির তথ্য জানাতে পারেনি নির্বাচন কমিশন। আন্দামান-নিকোবর, লাক্ষাদ্বীপ, ছত্তিশগড়, জম্মু ও কাশ্মীর, চন্ডীগড়, দিল্লি, বিহার, উড়িষ্যা, ঝাড়খন্ডে, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কেরালা, উত্তর প্রদেশে গতকাল ভোটগ্রহণ হয়। গতকাল ছত্তিশগড়সহ মাওবাদী প্রভাবিত অঞ্চলে ভোটগ্রহণকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তৃতীয় দফায় এই ভোটে ভোটার সংখ্যা ছিল প্রায় ১১ কোটি। কেন্দ্রীয় সরকারের ৭ জন মন্ত্রীসহ কংগ্রেস-বিজেপির অনেক হেভী ওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণের ভোট ছিল গতকাল। সকাল সাতটা থেকে ভারতের রাজধানীতে ভোট গ্রহণ শুরু হয়। এখানে সাতটি আসনের জন্যে প্রার্থী ছিলেন ১৫০ জন। এর আগের লোকসভার সাতটি আসনই ছিলো কংগ্রেসের দখলে। এবার কংগ্রেস, আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে ত্রিমুখি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দিল্লিতে। গতকাল দিল্লিসহ প্রায় সবগুলো রাজ্যে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সকল ভোটারদের হাতেই ছিল নিজ নিজ পরিচয়পত্র। নিজ নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন সোনিয়া গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, রাহুল গান্ধীসহ গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা। এছাড়া কেরালার তিরুবনন্তপুরম কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরও ভোট দেন। তৃতীয় দফার এই নির্বাচনে বিভিন্ন রাজ্যে প্রার্থী হয়েছেন বহু তারকা প্রার্থীও। গাজিয়াবাদে কংগ্রেসের হয়ে লড়ছেন রাজ বব্বর। উত্তর প্রদেশের মিরাটে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন অভিনেত্রী নাগমা। চণ্ডীগড় কেন্দ্রের বিজেপি প্রার্থী কিরণ খের। এছাড়া আরএলডিতে যোগ দেয়া অভিনেত্রী জয়া প্রদাসহ বেশ কয়েকজন প্রার্থী আছেন আলোচনার খাতায়। আগামী ১২ মে শেষ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণণা ও ফল প্রকাশ করা হবে ১৬ মে।