রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সংস্থার সহায়তা চাইল ঢাকা

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ২৩:২১
সুইজারল্যান্ডের জেনেভা সফররত পররাষ্ট্র সচিব শহীদুল হক বাংলাদেশে অবৈধভাবে অবস্থানকারী রোহিঙ্গা শরনার্থীদের নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন। জেনেভায় কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে পৃথকভাবে বৈঠককালে শহীদুল হক রোহিঙ্গা শরনার্থীদের প্রত্যাবাসনে বাংলাদেশের গৃহীত জাতীয় কৌশলপত্র সম্পর্কে অবহিত করেন। পররাষ্ট্র সচিব অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের অধিকার ও সংরক্ষণ বিষয়ক কমিটির ২০তম অধিবেশনে যোগদান করছেন। সেখানে তিনি আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গাই রাইডার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক উইলিয়াম লেসি সুইং, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. মার্গারেট চেন এবং অভিবাসীদের মানবাধিকার বিষয়ক স্পেশাল র্যাপোটিয়ার ফ্রাংকুই সে পুর সঙ্গে বৈঠক করেন।