বাঙালির প্রাণের উত্সব পহেলা বৈশাখ। শুধু দেশেই নয়, সারাবিশ্বের বাঙালিই এই প্রাণের উত্সবে একাত্ম হয়ে বর্ণাঢ্যভাবে উদযাপন করে। বৈশাখ নিয়েই বর্তমান ব্যস্ততা কাটছে জাদুশিল্পী শাহীন শাহের। প্রথমবারের মতো পহেলা বৈশাখে ইউরোপে শো করতে যাচ্ছেন তিনি। জার্মান বাংলাদেশ সমিতি আয়োজনে পহেলা বৈশাখ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। অনুষ্ঠানগুলো হবে জার্মানির দুটি জেলায়। প্রথমটি হবে ১৯ এপ্রিল আউস ব্রুকে। আর দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল মিউনিকে। এ প্রসঙ্গে শাহীন শাহ বলেন, ‘প্রথমবারের মতো ইউরোপে প্রোগ্রাম করতে যাচ্ছি। তাও আবার আমাদের নিজস্ব সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান। তাই ভালোলাগাটা আরও বেশি কাজ করছে। নিজের দেশকে, নিজেদের সংস্কৃতি, ঐতিহ্যকে অন্যদের মাঝে তুলে ধরাটা অন্যরকম ভালোলাগা।’ দেশে-বিদেশে স্টেজ শোর পাশাপাশি করেছেন বিভিন্ন চ্যানেলে জাদু নিয়ে অনুষ্ঠান। দেশে ফিরেই খুব শীঘ্রই এসএ টিভিতে শুরু করতে যাচ্ছেন শিশুদের নিয়ে অনুষ্ঠান ‘ফান অ্যান্ড লার্ন’। যেখানে শিশুদের জন্য থাকবে শিক্ষামূলক আয়োজন, কুইজ প্রতিযোগিতা।
