বিমান যখন পেট্রোল পাম্পে!

আপডেট : ১১ এপ্রিল ২০১৪, ২০:১৭
রাস্তার পাশে থাকা পেট্রোল পাম্পগুলোতে হররোজ কত ধরনের যানবাহনই তো তেল নিতে ভিড় জমায়। এর কোনো কোনোটি হয়তো মামুলি চার চাকার গাড়ি, আবার কোনোটি হয়তো বিলাসবহুল কোনো জিপ। এ ছাড়া ট্রাক, লরি থেকে শুরু করে স্রেফ দুই চাকার বাইকেরও তেলের জন্য থামতে হয় রাস্তার পাশের পেট্রোল পাম্পগুলোতে। কিন্তু তাই বলে কেউ কোনোদিন কোনো বিমানকে পেট্রোল পাম্পের লাইনে দাঁড়াতে দেখেছেন বলে শোনা যায় না। অথচ বাস্তবে এমনই এক ঘটনা ঘটিয়ে এবার সংবাদের জন্ম দিয়েছেন এক চীনা পাইলট ও তার ভিনদেশি সহকারি। এই দুই ব্যক্তির নাম পরিচয় এখনও নিশ্চিত না হওয়া গেলেও ব্যস্ত রাস্তায় বিমান অবতরণ এবং তারপর পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার অভিযোগে চীনের শিচুয়ান প্রদেশের বেইচুয়ান শহরের পুলিশ তাদের খুঁজছে। এছাড়া ব্যক্তিগত উদ্যোগে নির্মিত বলে ধারণা করা এই বিমানটি কোথা থেকে উড্ডয়ন বা অবতরণের কাজটি সম্পন্ন করে খুঁজে দেখা হচ্ছে সেটিও। এদিকে রাস্তার পাশের যে পেট্রোল পাম্পটি থেকে বিমানটি তার জ্বালানি সংগ্রহ করে সেই পেট্রোল পাম্পের সহকারি লিউ ইয়ংবি পুলিশকে জানিয়েছেন পাইলটটিতে তিনি একজন চীনা নাগরিক ও একজন ভিনদেশিকে দেখতে পেয়েছিলেন। তারা খুব স্বাভাবিকভাবেই বিমানে জ্বালানি ভরার নির্দেশ দেন এবং এমনভাবে পুরো বিষয়টি উপস্থাপন করেন যেন এখন থেকে এটাই স্বাভাবিক একটি বিষয় হিসেবে দেখা যাবে। তারা এটাও জানায় যে ট্রাফিক জ্যাম থেকে রক্ষা পাওয়ার জন্য এ ধরনের বিমান ব্যবহার করাই উচিত। এ ছাড়া বিমানটি তারা দুই লক্ষ পাউন্ড খরচ করে কিনেছেন বলেও লিউকে বলেন তারা। এদিকে বিমানটি সত্যিই উড্ডয়ন শেষে কাছের কোনো রাস্তায় অবতরণ করেছিল না কি অন্যদের মনোযোগ পেতে কেউ এটিকে এভাবেই কাছের কোনো স্থান থেকে চালিয়ে এনেছিলেন কি না সেটি খুঁজে দেখছে পুলিশ। কেননা আরোহীদের একজন লিউকে জ্বালানী ফুরিয়ে যাবার কারণে বিমানটি কাছের একটি সড়কে অবতরণ করতে বাধ্য হয়েছে বলে জানালেও এ ধরনের বিমান উড্ডয়ন-অবতরণের কোনো চিহ্ন কিংবা বিমানের পাইলট কে হতে পারে সে বিষয়ে কোনো তথ্যই বের করতে পারেনি পুলিশ।