ভেনেজুয়েলায় মাদুরোর সঙ্গে বিরোধীদের বৈঠক

আপডেট : ১১ এপ্রিল ২০১৪, ২০:৩৮
ভেনেজুয়েলায় গত দুই মাস ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার পরিসমাপ্তি ঘটাতে দেশটির বিরোধী নেতাদের সাথে বৈঠক করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। গত বৃহস্পতিবার দেশটির রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট প্রাসাদে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ওপেক সদস্যভুক্ত এই দেশটিতে গত দুই মাসের সহিংসতায় অসংখ্য মানুষ নিহত হয়েছে। দক্ষিণ আমেরিকার দেশগুলোর সংগঠন আনসুর অন্তর্ভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যস্থতায় এ আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়। আলোচনার শুরুতে মাদুরো তার মন্তব্যে বলেন, পথ অনেক দীর্ঘ এবং জটিল। কিন্তু আমরা অনেক ধৈর্য, শ্রদ্ধা ও সহ্য ক্ষমতা নিয়ে অপর পক্ষের সাথে আলোচনা করব। তবে অবাস্তব বিষয়ের ব্যাপারে সচেতন ছিলেন তিনি। তিনি আরো বলেন, এখানে কোন আলোচনা হবে না, হবে না কোন চুক্তি। তবে কিভাবে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করা যায় আমরা শুধু সেটাই নিরূপণ করার প্রক্রিয়া খুঁজে বের করতে চেষ্টা করবো। এদিকে জেলে অবস্থানরত বিক্ষোভকারীদের নেতা লিওপোলডো লোপেজ এ বৈঠককে প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় বারকুইসিমেটো শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গিয়ে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০ জনে। গত ফেব্রুয়ারি মাসের প্রথমদিকে শুরু হওয়া এ বিক্ষোভে এ পর্যন্ত ৬৫০ জন আহত হয়েছে। আটক করা হয়েছে ২০০০ এরও বেশি লোকজনকে এবং ১৭৪ জন এখনো জেলে রয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।