গ্যাসের বকেয়া বিল পরিশোধে ইউক্রেইনের গড়িমসি ইউরোপের দেশগুলোতে রাশিয়ার গ্যাস সরবরাহে সঙ্কটজনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে হুঁশিয়ার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ কারণে বিষয়টি নিয়ে পুতিন ইউরোপের সঙ্গে জরুরি আলোচনা চান বলে বৃহস্পতিবার জানিয়েছেন তার মুখপাত্র। ইউক্রেইন হয়ে রাশিয়ার গ্যাস ইউরোপের কয়েকটি দেশে যায় যা দিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রাকৃতিক গ্যাসের এক-তৃতীয়াংশ চাহিদা পূরণ হয়ে থাকে।
ইউক্রেইনের রাজনৈতিক সঙ্কট নিয়ে চলমান উত্তেজনা ইউরোপীয় দেশগুলোতে গ্যাস সরবরাহে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেইনের পশ্চিমাপন্থি (ইইউপন্থি) বিক্ষোভকারীদের আন্দোলনের মুখে রুশপন্থি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতনের পর দেশটির ক্রিমিয়া উপদ্বীপের বাসিন্দারা গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যোগ দেয়। আর এখন পূর্ব ইউক্রেইনে ভারি শিল্পসমৃদ্ধ লুহানস্ক ও ডোনেস্ক অঞ্চলেও ক্রিমিয়া ধাঁচের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হচ্ছে। গ্যাস সরবরাহ বাবদ ইউক্রেইনের কাছে রাশিয়ার দুই বিলিয়নেরও বেশি বকেয়া রয়েছে।
