মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে আরো শান্তিরক্ষী পাঠাবে জাতিসংঘ

আপডেট : ১১ এপ্রিল ২০১৪, ২০:৪১
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে চলমান জাতিগত সংঘাত বন্ধে আরো ছয় হাজার শান্তিরক্ষী পাঠানো সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার এ প্রস্তাবটি সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্স এই প্রস্তাবটির খসড়া উত্থাপন করে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর প্রধান এডমন্ড মুলেট জানিয়েছেন নতুন ছয় হাজার সেনা পাঠাতে সব মিলিয়ে চার মাসের মতো লেগে যেতে পারে। জাতিসংঘের সদস্য দেশগুলো থেকে সেনা আহবান প্রক্রিয়ায় কেমন সাড়া পাওয়া যায় তার উপর নির্ভর করবে কত তাড়াতাড়ি সেনা পাঠানো সম্ভব হবে। দেশটিতে ইতিমধ্যেই পাঁচ হাজার ছয়শ’ আফ্রিকান ইউনিয়নের সেনা এবং দুই হাজার ফরাসী সেনা অবস্থান করছে। জাতিসংঘের নতুন শান্তিরক্ষী দলটি আগামী সেপ্টেম্বরে এমআইএসসিএ নামে পরিচিত আফ্রিকা ইউনিয়নের পাঁচ হাজার ৬শ’ সেনা দলটির সঙ্গে যোগ দেবে। জাতিসংঘ বলছে, বেসামরিক নাগরিকদের রক্ষাই এখন মূল উদ্দেশ্য। শান্তিরক্ষী বাহিনীকে সেখানে মানবাধিকার লঙ্ঘনকারীদের গ্রেফতারের ক্ষমতা দেয়া হবে বলে জানা গেছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন দেশটিতে চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বিচারহীন রয়ে যাচ্ছে। জাতিসংঘের তথ্যানুযায়ী, গত ডিসেম্বরে শুরু হওয়া সংঘর্ষে সেখানে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে এবং দশ লাখের বেশি মানুষ ঘরছাড়া হয়েছে। উল্লেখ্য, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে গত বছরের মার্চে সেনাবাহিনীর একটি দল অভ্যুত্থান করে। এরপরই মুসলিম ও খ্রিস্টান সেনা সদস্যদের মধ্যে সংঘাত শুরু হয়। মঙ্গলবারও খ্রিষ্টান ও মুসলিম মিলিশিয়াদের মধ্যে যুদ্ধে ডেকোয়া শহরে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে।