আজ ১২ এপ্রিল নীলফামারীর সৈয়দপুরে শহীদ দিবস। ১৯৭১ সালের এই দিনে সৈয়দপুরের শ্রেষ্ঠ সন্তানদের অনেকে পাক বাহিনীর হাতে শহীদ হন। ১২ এপ্রিলের সেই কালরাত্রীতে সেনা কনভয়ে তোলা হয় বন্দি রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, পেশাজীবী, ছাত্র-যুব নেতাদের। তাদের নেয়া হয় রংপুর ক্যান্টনমেন্ট সংলগ্ন নিসবেতগঞ্জ বধ্যভূমিতে। সেখানে সারিবদ্ধভাবে হত্যা করা হয় তত্কালীন প্রাদেশিক পরিষদ সদস্য ডা. জিকরুল হক, ডা. বদিউজ্জামান, আওয়ামী লীগ নেতা ডা. সামসুল হক, তুলশিরাম আগরওয়ালা, বাবু রামেশ্বরলাল আগরওয়ালা, যমুনা প্রসাদ কেডিয়া, রেলওয়ে কর্মকর্তা আয়েজ উদ্দিন, ন্যাপ নেতা এস, এম ইয়াকুব, আইয়ুব হোসেন, এম, এ আজিজ, আমিনুল হক, কুদরত এলাহি, জহুরুল হক, আশরাফ আলী, জয়নাল উদ্দিন, ডা. শাহ আ. আজিজ, ডা. মোবারক হোসেন, আফজাল, নূর মোহাম্মদ, ভুইয়া মাষ্টার (সপরিবারে), মোসলেম উদ্দিনসহ অর্ধশতাধিক মানুষকে।
এ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনে শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন মিলাদ মাহফিল, দোয়া, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করেছে।
