বায়ার্ন মাদ্রিদ সেমিতেই মুখোমুখি

আপডেট : ১১ এপ্রিল ২০১৪, ২১:৪৭
বায়ার্ন মিউনিখ ইতিহাসের প্রথম দল হিসাবে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের যে স্বপ্ন দেখছে তা কঠিন বাধার মধ্যে পড়লো। কেননা গতকাল শুক্রবার সুইজারল্যান্ডের নিয় শহরে ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরটির সেমিফাইনালের ড্র শেষে জার্মানির ক্লাবটি বিপক্ষ হিসাবে পায় স্পেনের রিয়াল মাদ্রিদকে। নয়বারের চ্যাম্পিয়ন রিয়াল প্রথম লেগে নিজেদের মাঠে আতিথ্য দেবে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্নকে। বায়ার্নকে শিরোপা ধরে রাখতে হলে রিয়ালের তীব্র বাধাকে অতিক্রম করতে হবে। স্পানিশ জায়ান্টরা লিসবনে অনুষ্ঠেয় ফাইনালে জিতলে ১০ম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগটি জিতে নেবে। যদিও ২০০২ সালের পর আর তাদের এ সাফল্য নেই। বরং পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্ন প্রতিযোগিতার গেল পাঁচ আসরের সেমিফাইনালে চারবারই হারিয়েছে রিয়ালকে। সর্বশেষ লড়াইটি ছিল ২০১২ সালে যাতে সান্টিয়াগো বার্নাব্যুতে পেনাল্টি শুটআউটে জয়ী হয় ব্যাভারিয়ানরা। ইতিমধ্যে জার্মান লিগে শিরোপা ধরে রাখা বায়ার্ন যদি আসন্ন লড়াইয়ে জিততে পারে তবে তা হবে দলটির পাঁচ বছরের মধ্যে চতুর্থবারের মতো শিরোপা লড়াইয়ে যোগদানের ঘটনা। চেলসি সাত মৌসুমের মধ্যে তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে ২২ এপ্রিল প্রথম লেগের খেলায় অংশ নিতে অ্যাটলেটিকোর মাঠ ভিসেন্তে ক্যালডেরোনে মাঠে যাবে। এর আটদিন পর ব্লুজরা নিজেদের মাঠে খেলবে ফিরতি লেগটি। অ্যাটলেটিকো বর্তমানে স্পানিশ ফুটবল লিগে এক পয়েন্টের ব্যবধানে শীর্ষে আছে এবং চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বার্সেলোনাকে বিদায় করে দেয়। অ্যাটলেটিকো ও চেলসি সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০১২ সালের সুপার কাপে। সেবার চেলসি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এবং অ্যাটলেটিকো ইউরোপা কাপ জয়ী হিসাবে সুপার কাপে খেলে। মোনাকোয় অনুষ্ঠিত খেলাটিতে সেবার র্যাডামেল ফ্যালকাওর হ্যাটট্রিকে অ্যাটলেটিকো ৪-১ গোলে হারিয়েছিল ইংলিশ ক্লাবটিকে। আসন্ন লড়াইয়ে চেলসিকে তাদের গোলরক্ষক বেলজিয়ামের থিবাউট কোর্টোইসকে বিপক্ষ হিসাবে মোকাবেলা করতে হতে পারে। চেলসির মূল দলে কখনো খেলেননি ২১ বছর বয়সী কোর্টোইস। তবে তিনি তিন বছর ধরে ধারে অ্যাটলেটিকোতে খেলছেন এবং এখন দলটির এক নম্বর গোলরক্ষক। কোর্টোইসকে ধারে খেলতে পাঠানোর চুক্তিতে বলা আছে, কোন প্রতিযোগিতায় দুই দলের মুখোমুখিতায় কোর্টোইসকে খেলাতে হলে ম্যাচপ্রতি ৩০ লাখ ইউরো করে দিতে হবে। তবে গতকালকের ড্রয়ের আগেই ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার তরফে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ক্লাব দুটি একই সেমিফাইনালে পড়লেও বেলজিয়াম জাতীয় দলের এই গোলরক্ষক খেলতে পারবেন। এমনকি তার ব্যাপারে কোন দ্বিপাক্ষিক চুক্তি থাকলেও তা বাতিল বলে গণ্য হবে। চেলসি কোচ হোসে মরিনহো অবশ্য তার অ্যাটলেটিকো বিপক্ষ দিয়েগো সিমিওনির বিরুদ্ধে চারবারের মোকাবেলায় তিনবারই জিতেছেন। মরিনহো ২০১০ সালের মে থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত রিয়ালের কোচ থাকাকালে খেলাগুলো অনুষ্ঠিত হয়। অ্যাটলেটিকো অবশ্য এবারের মৌসুমে স্পেন ও ইউরোপে বড় শক্তি হিসাবে আবির্ভূত হয়। লোস রোজিব্ল্যাংকোস নামে অভিহিত স্পানিশ ক্লাবটি ১৯৯৬ সালের পর প্রথম লিগ শিরোপা জয়ের সম্ভাবনা জোরদার করে এগিয়ে চলেছে। এছাড়াও চলতি মৌসুমে মহাদেশিয় এই প্রতিযোগিতা থেকে বার্সেলোনার পাশাপাশি এসি মিলান ও পোর্তোকে বিদায় করে দেয় সিমিওনির দল। মজার ব্যাপার হলো, সর্বশেষ স্পানিশ লিগটি জয়ের সময় অ্যাটলেটিকোর খেলোয়াড় ছিলেন আর্জেন্টাইন এই কোচ।