জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং মোস্তফা হাকিম সিমেন্ট-এর পৃষ্ঠপোষকতায় গতকাল শুক্রবার বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতায় চারটি ক্লাব, চারটি উপজেলা ক্রীড়া সংস্থা এবং ১১টি শিক্ষা প্রতিষ্ঠান মিলে ১৯টি দলের ১৯৫ জন অ্যাথলেট অংশ নেন।
এর মধ্যে ক্লাব ও উপজেলায় পুরুষ অ্যাথলেট ৬২ জন ও মহিলা অ্যাথলেট ৩৭ জন এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ৭৯ জন ও ছাত্রী ১৭ জন। উদ্বোধনী দিনে মোট ১৭টি ইভেন্টের নিষ্পত্তি হয়। আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে প্রতিযোগিতার অবশিষ্ট ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে।
জাতীয় পতাকা, অলিম্পিক পতাকা ও সিজেকেএস-এর পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপর বিশিষ্ট ক্রীড়াবিদ ইবাদুল হক লুলুর নেতৃত্বে অংশগ্রহণকারী দলসমূহের মার্চপাস্ট শেষে চট্টগ্রামের দুই কৃতী অ্যাথলেট, মরহুম দেলোয়ার হোসেন ও মরহুমা আজিজা খানমের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
