সাড়ে তিন মাসের ক্রিকেট উত্সব শেষ হয়েছে গত ছয় এপ্রিল। তার রেশ কাটতে না কাটতেই মাত্র পাঁচদিনের ব্যবধানে ঘরোয়া লিগ দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছে ক্রিকেট। আজ থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ড। গত ৩০ জানুয়ারি ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের ১৫তম আসর মাঠে গড়ায়। এরপর প্রথম পাঁচটি রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হয়। গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় সর্বশেষ রাউন্ডের ম্যাচ। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যে প্রায় দেড়মাস বন্ধ করে রাখা হয় টুর্নামেন্টটি। আজ শনিবার টুর্নামেন্টের ষষ্ঠ রাউন্ডের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। কক্সবাজারে শেখ কামাল স্টেডিয়ামে খুলনার মুখোমুখি হবে ঢাকা মেট্রো, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরিশাল-ঢাকা, বিকেএসপির তিন নম্বর মাঠে রাজশাহী-চট্টগ্রাম ও ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের আউটার মাঠে সিলেটের মুখোমুখি হবে রংপুর বিভাগ।
পঞ্চম রাউন্ড পর্যন্ত ৮৭ পয়েন্ট নিয়ে আট দলের প্রতিযোগিতায় শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। ৬৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রাজশাহী। ৬২ পয়েন্ট নিয়ে সিলেট ও ৫৯ পয়েন্ট নিয়ে খুলনা শীর্ষ চারে অবস্থান করছে।
জাতীয় দলের সব তারকাকে নিয়েই এবার লিগ শুরু হচ্ছে। একমাত্র সাকিব আল হাসান খেলছেন না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে এখন দুবাইতে আছেন সাকিব। এছাড়া রাজশাহীতে মুশফিকুর রহিম, চট্টগ্রামে তামিম ইকবাল ও মুমিনুল হক, ঢাকা মেট্রোতে মাহমুদুল্লাহ রিয়াদ, রংপুর থেকে নাসির হোসেনসহ জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারই জাতীয় লিগ দিয়ে মাঠে ফিরছেন।
জাতীয় তারকারা খেলতে পারলেও থাকছেন না মোশাররফ হোসেন রুবেল ও মাহবুবুল আলম রবিন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফিক্সিং কেলেঙ্কারি থেকে ট্রাইব্যুনালের রায়ে মুক্তি পেলেও সেই রায়ের বিরুদ্ধে পুনরায় আপিল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই খুব দ্রুতই ক্রিকেটে ফেরা হচ্ছে না এই দুই ক্রিকেটারের। ৫২৭ রান করে টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন ঢাকা মেট্রোর আসিফ আহমেদ রাতুল। ১০ ইনিংসে একটি ডাবল সেঞ্চুরিসহ তিনটি সেঞ্চুরি করেছেন এই খেলোয়াড়। দ্বিতীয় স্থানে থাকা ঢাকা বিভাগের আব্দুল মজিদের সংগ্রহ ৪৯৫ রান। দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করেছেন এই ব্যাটসম্যান।
৪১০ রান নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন সিলেট বিভাগের সায়েম আলম। একটি সেঞ্চুরির সাথে একটি হাফ সেঞ্চুরির ইনিংসও রয়েছে তার। অপরদিকে বল হাতে পাঁচ রাউন্ড শেষে শীর্ষে স্পিনার মনির হোসেন। ২৪টি উইকেট নিয়েছেন বরিশাল বিভাগের এই স্পিনার। ২৩ উইকেট নিয়ে সিলেটের নাবিল সামাদ চৌধুরী আছেন দ্বিতীয় স্থানে। তিনে রয়েছেন সিলেটের আরেক ক্রিকেটার আবু জায়েদ। ২১টি উইকেট নিয়েছেন ডানহাতি এই মিডিয়াম পেসার।
আজকের খেলা
ঢাকা জেলা- বরিশাল জেলা (চট্টগ্রাম)
রাজশাহী জেলা-চট্টগ্রাম জেলা (বিকেএসপি-৩)
খুলনা জেলা-ঢাকা মেট্রো (কক্সবাজার)
সিলেট জেলা-ঢাকা মেট্রো (ফতুল্লা)
পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় পরাজয় ড্র পয়েন্ট
ঢাকা জেলা ৫ ৩ ১ ১ ৮৭
রাজশাহী জেলা ৫ ২ ০ ৩ ৬৫
সিলেট জেলা ৫ ২ ২ ১ ৬২
খুলনা জেলা ৫ ১ ০ ৪ ৫৯
ঢাকা মেট্রো ৫ ১ ২ ২ ৫৪
রংপুর জেলা ৫ ১ ১ ৩ ৪৬
চট্টগ্রাম জেলা ৫ ১ ২ ২ ৪০
বরিশাল জেলা ৫ ০ ৩ ২ ২৩
