ভরা মৌসুমে পেঁয়াজ আমদানী (এলসি) বন্ধ ও পেঁয়াজের ন্যায্য মূল্যের দাবিতে ব্যতিক্রম ধর্মী এক প্রতিবাদ জানিয়েছে মেহেরপুরের পেঁয়াজ চাষিরা। শুক্রবার মেহেরপুর- মুজিবনগর সড়কের বামনপাড়া নামক স্থানে প্রধান সড়কের উপর পেঁয়াজ ফেলে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামের পেঁয়াজ চাষি আহসান হাবিব জানান, চলতি মৌসুমে ৩২ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেন। দাম কমে যাওয়ায় লাভের বদলে প্রতি বিঘায় ১৫/২০ হাজার টাকা লোকসান হচ্ছে। এমন অভিযোগে বিক্ষোভে অংশ নেয় সকল চাষি। চাষের খরচের জন্য ব্যাংক ও এনজিও থেকে লোন করেছেন। এখন লোনের টাকা পরিশোধ করতে পারছেন না। ফলে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। অন্যদিকে যারা জমি বর্গা ও লিজ নিয়ে আবাদ করেছেন তাদের পথে বসার উপক্রম হয়েছে। কয়েক বছর ধরে পেঁয়াজে ভালো লাভ হওয়ায় চাষিরা পেঁয়াজ চাষে ঝুঁকে পড়েন। দাবি আদায়ে মানববন্ধন, অবরোধসহ কঠিন কর্মসূচি দেবেন বলে জানান পেঁয়াজ চাষি আহসান হাবিব।
