সিলেটের বিশ্বনাথে ভরাট হওয়া এক সময়ের খরস্রোতা বাসিয়া নদীর খনন কাজ চলছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মহাজোট সরকারের আমলে উদ্যোগ নেয়া হয় নদীটি খনন কাজের। চলতি বছরের জানুয়ারি মাসে শুরু হয় নদীর খনন কাজ। এতে ব্যয় হবে প্রায় ৭ কোটি টাকা। নদীটি খনন করা হলে উপকার পাবেন তিন উপজেলার মানুষ। এলাকাবাসীর অভিযোগ নদী খননে নামমাত্র খনন কাজ চলছে। ভরাট হওয়া নদী শুধু পাড়ের (চর) মাটি খনন করা হচ্ছে। এছাড়া নদীর পাড়ে গড়ে উঠা অনেক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জবাজার থেকে বিশ্বনাথ উপজেলা সদর বাসিয়া নদীর ১৮ কিলোমিটার খনন করা হচ্ছে। ৬ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ৪টি ভাগে প্রকল্পটি চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে। চলতি বছরের জানুয়ারি মাসের ২য় সপ্তাহে শুরু হয়েছে খনন কাজ। আগামী ১৫ মে খনন কাজটি শেষ হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে প্রকল্পটির অধিকাংশ খনন কাজ শেষ হয়েছে । পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান বলেন, ৬ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে বাসিয়া নদীর ১৮ কিলোমিটার খনন করা হচ্ছে । আগামী মে মাসের ১৫ তারিখের মধ্যে এই খনন কাজ শেষ হবে।
