স্কুলছাত্রী হত্যাকারীর গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আপডেট : ১১ এপ্রিল ২০১৪, ২২:১৩
সম্প্রতি পটিয়ার স্কুলছাত্রী মুক্তা মুখার্জীর নির্মম হত্যাকাণ্ডের বিষয়ে থানায় মামলা না হওয়া ও পরিবারের রহস্যজনক আচরণের প্রতিবাদে গত বৃহস্পতিবার থানার মোড় চত্বরে বাংলাদেশ মহিলা পরিষদ পটিয়া শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা লিগ্যাল এইডস সাধারণ সম্পাদিকা নিলুফার জাহান বেবী, উপজেলা মহিলা পরিষদের সভাপতি ও ইউপি সদস্যা শিলা দাশ, সাধারণ সম্পাদিকা মদিনা বেগম, সনাক-টিআইবির রাজীব, মামুন, সজীব, মনিষা দাশ প্রমুখ। রহস্যজনক মৃত্যুর পর গত ২৬ মার্চ মুক্তার মামা পলাশ পটিয়া মেডিক্যাল থেকে এ্যাম্বুলেন্স ভাড়া করে চট্টগ্রাম বলুয়ার দিঘীর অভয় মিত্র শ্মশানে গোপনে মুক্তার দেহ গ্যাসের চুলায় দাহ করে। সম্প্রতি চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন চেয়ারম্যানরা স্কুলছাত্রী মুক্তা মুখার্জীর নির্মম হত্যাকাণ্ডের বিষয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীন পটিয়া থানার অফিসার ইনচার্জ মফিজউদ্দীন পুলিশকে বাদী হয়ে ধর্ষকের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন। এ ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার ব্যবস্থা করতে বলা হয়।