শ্রীপুরে অপহরণকালে তিন ভুয়া ডিবি পুলিশ আটক

আপডেট : ১১ এপ্রিল ২০১৪, ২২:১৬
ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে এক যুবকের নিকট থেকে মোবাইল সেট ও টাকা ছিনতাইকালে আটক হয়েছে তিন ভুয়া পুলিশ। তাকে অপহরণের সময় মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল এলাকা থেকে তিন প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করে জনতা । পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার মাঝাইল-মান্দারতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে খালিদ হাসান বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নাকোল থেকে বাড়ি যাচ্ছিল । পথিমধ্যে মোটর সাইকেল যোগে তিন যুবক ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার পকেট থেকে মোবাইল সেট ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায়। এসময় সে চিত্কার দিলে আশেপাশের লোকজন এসে অপহরণকারী তিন যুবককে গণধোলাই দিয়ে নাকোল পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। আটককৃত তিন ভুয়া ডিবি পুলিশ হলো গোপালগঞ্জের বদরুজ্জামানের ছেলে মেজবা হোসেন ওরফে তমাল, মাদারীপুরের কাওখালী এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে সাদ্দাম হোসেন সুজন এবং ফরিদপুরের ভাঙ্গা এলাকার আহম্মদ গনি শাহীন।