রাঙ্গামাটির লংগদু উপজেলা বিএনপির ৫ হাজারের বেশি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। গত বৃহস্পতিবার লংগদু উপজেলায় বিএনপি’র বহিষ্কৃত নেতা হাজী ফয়েজুল আজিমের নেতৃত্বে বিএনপি ও অংগ-সংগঠনের ৫ হাজারের বেশি নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন। গত বৃহস্পতিবার বেলা এগারটায় উপজেলা পরিষদ মাঠে এ যোগদান সভার আয়োজন করা হয়। যোগাদান অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারের কাছে ফুলের তোড়া উপহার দিয়ে উপজেলায় বিএনপি’র বহিষ্কৃত নেতা হাজী ফয়েজুল আজিমের বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, জাতীয়তাবাদী মহিলা দলের প্রায় ৫ হাজারের বেশি নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন। লংগদু উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক সরকারের সভাপতিত্বে যোগদান সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গামাটি থেকে নির্বাচিত মহিলা সংসদ সদস্য জেএফ আনোয়ার চিনু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুছা মাতাব্বর। যোগদানকৃতদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক বিএনপি নেতা হাজী ফয়েজুল আজিম, উপজেলা বিএনপির সহসভাপতি ওয়াছেক আলী আকন্দ, যুগ্মসম্পাদক শাহদাত্ হোসেন প্রমুখ।
