বাঘা ও তালায় ২ জন স্ত্রী খুন স্বামীর আত্মহত্যার চেষ্টা

আপডেট : ১১ এপ্রিল ২০১৪, ২২:১৭
রাজশাহীর বাঘায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী। এ ঘটনার পর স্বামী আব্দুল লতিফকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ বিষয়ে শুক্রবার সকালে নিহত রায়েদার ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। জানা যায়, উপজেলার হাবাসপুর গ্রামের খেদু সরকারের ছেলে আব্দুল লতিফ বৃহস্পতিবার গভীর রাতে তার স্ত্রী রায়েদা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে সজোরে আঘাত করে। রক্তাত্ত অবস্থায় চিত্কার শুরু করলে পাশের ঘর থেকে ছেলে রবিনসহ বাড়ির অন্যান্য লোকজন ও প্রতিবেশী রায়েদাকে বাঁচাতে প্রথমে চারঘাট থানা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে রামেক হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পরে স্থানীয় লোকজন তাকে গাছের সাথে বেঁধে রেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরিসহ তাকে গ্রেফতার করে। এদিকে তালা সংবাদদাতা জানান, সাতক্ষীরার তালায় স্ত্রী রিক্তা পারভীনকে (১৯) শ্বাসরোধে হত্যা করে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে মাদকাসক্ত স্বামী মফিজুল ইসলাম। রিক্তার পিতা রফিকুল ইসলাম গাজী জানান, প্রায় ৬ মাস আগে শ্রীমন্তকাটি গ্রামের এরফান আলী মোড়লের পুত্র মফিজুল ইসলামের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর জানা যায় মফিজুল মাদকাসক্ত। মফিজুল কিছুদিন পরপরই রিক্তাকে যৌতুকের জন্য মারধর করত। মেয়ের সুখের কথা চিন্তা করে তাকে কয়েকদফা টাকা দেয়া হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে মফিজুল নেশা করে এসে রিক্তাকে ব্যাপক মারধর করে এবং শ্বাসরোধে হত্যা করে। পরে লাশ রশি দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে এটি আত্মহত্যা বলে প্রচার করা হয়।