গ্যাসের দাবিতে রোডমার্চ কর্মসূচি রসিকের একাত্মতা ঘোষণা

আপডেট : ১১ এপ্রিল ২০১৪, ২২:১৮
রংপুরে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে সমাজ পরিবর্তন ও উন্নয়ন ফোরামের উদ্যোগে আগামী ২০ ও ২২ মে’র রোডমার্চ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু। পাশাপাশি তিনি রংপুরের উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে এক হয়ে কাজ করারও আহবান জানিয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে সমাজ পরিবর্তন ও উন্নয়ন ফোরাম রংপুর বিভাগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দুর্নীতিমুক্ত প্রশাসন এবং মডেল সিটি কর্পোরেশন গঠনে সকলের সহযোগিতা কামনা করেন। পরে রংপুরের উন্নয়নে সফলভাবে কর্মকাণ্ড পরিচালনা করায় সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টুকে ক্রেষ্ট প্রদান করে সমাজ পরিবর্তন ও উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ। এ সময় মেয়রকে সমাজ পরিবর্তনের বিভিন্ন কার্যক্রম ও আগামীতে গ্যাসের দাবিতে ঘোষিত কর্মসূচিও অবগত করা হয়। মেয়র বলেন, খারাপকে খারাপ ও ভালকে ভাল বলতে হবে। রংপুরের উন্নয়ন আমার প্রাণের দাবি। আমি রংপুরবাসীর সাথে ছিলাম, আছি ও থাকব। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা বাবলু নাগ, বিভাগীয় কমিটির সভাপতি এসএম পিয়াল, সহসভাপতি আজিজউল্লাহ, আখতারুল বাশার রিবু প্রমুখ।