জেলায় সদর উপজেলার ফতুল্লায় আবদুল হক ওরফে হক্কা বাহিনীর বিরুদ্ধে সামছুল আলম (৬০) নামে স্থানীয় এক মাতব্বরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনা গতকাল শুক্রবার সকালে ঘটলেও নিহতের পরিবারকে মামলা না করতে বিভিন্ন ধরনের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। নিহত অবসরপ্রাপ্ত চাকরিজীবী সামছুল আলম দেলপাড়া নূরবাগ এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে। তিনি ওই এলাকার সমাজের মাতব্বর ছিলেন।
ফতুল্লা মডেল থানার এসআই ফজুলল হক তালুকদার বলেন, আব্দুল হক ও তার সহযোগীদের মারধরের কারণে সামছুল মারা গেছেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
নিহতের স্বজনরা জানান, দেলপাড়া নূরবাগ চৌরাস্তা মোড়ে সন্ত্রাসী আব্দুল হক ওরফে হক্কা নিরীহ ব্যক্তিদের হয়রানি করেন। স্থানীয় মাতব্বর সামছুল আলম তাকে হয়রানি করা থেকে বিরত থাকতে বলেন। এ ঘটনার জের ধরে গতকাল সকাল সাড়ে ৯ টার দিকে নূরবাগ এলাকায় হক্কার নেতৃত্বে বাচ্চু, দেলু, তৈয়ব আলীসহ একদল সন্ত্রাসী সামছুল আলমকে এলোপাতাড়ি পেটায়।
আহত অবস্থায় তাকে জেলার ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সকরা মৃত ঘোষণা করেন।
