তিনজনের মৃত্যু আশংকাজনক ৪

আপডেট : ১১ এপ্রিল ২০১৪, ২২:৪২
রাজধানীর তেজগাঁওয়ের ফার্মগেট এলাকার পূর্ব তেজতুরি বাজারে মাহফুজ সুইং এন্ড সার্ভিস নামে একটি প্রতিষ্ঠানে ক্যামিকেলের ড্রাম বিস্ফোরণ ঘটনায় দগ্ধ ১১ জনের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে এবং চারজনের অবস্থা আশংকাজনক। নিহতরা হলেন-প্রতিষ্ঠানের ভ্যানচালক আব্দুল লতিফ (৬০), ম্যানেজার শফিউল আজম (৪৫) এবং প্রতিষ্ঠান মালিকের বন্ধু ইব্রাহিম খলিল (৩৫)। গত বৃহস্পতিবার রাত একটার দিকে আব্দুল লতিফ, শুক্রবার দুপুর একটার দিকে শফিউল আজম ও দুপুর দেড়টার দিকে ইব্রাহিম খলিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। এ সময় নিহতদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। স্বজনদের আহাজরিতে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটের পরিবেশ ভারি হয়ে ওঠে। এদিকে শুক্রবার সকালে অগ্নিদগ্ধদের দেখতে ঢাকা মেডিক্যালে যান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি আহতদের খোঁজখবর নেয়ার পাশাপাশি চিকিত্সকদের সাথে কথা বলেন। বার্ন ইউনিটের প্লাস্টিক এন্ড সার্জারি বিভাগের অধ্যাপক ডা. সাজ্জাদ খোন্দকার জানান, অগ্নিদগ্ধদের মধ্যে প্রতিষ্ঠানের ভ্যানচালক জহিরুল ইসলাম, মালিক মাহমুদুল হাসান মাহফুজ, কর্মচারী আব্দুল মোতালেব এবং সিকিউরিটি গার্ড জাকির হোসেনকে আইসিইউতে রেখে চিকিত্সা দেয়া হচ্ছে। জহিরুলের শরীরের ৩৪ শতাংশ, মাহফুজের ৩৫ শতাংশ, মোতালেবের ৭৫ শতাংশ এবং জাকিরের ২৫ শতাংশ পুড়ে গেছে। তিনি তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন। অগ্নিদগ্ধ প্রাইভেটকার চালক মো. মাসুদ, হোটেল কর্মচারী উজ্জ্বল, ঘটনার সময় প্রতিষ্ঠানটির সামনে দিয়ে যাওয়া নর্দান ইউনিভার্সিটির ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী রিফাত আরা ইয়াসমিন এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিবিএ’র ছাত্রী সাম্মি আক্তার ঝিলিকের অবস্থাও গুরুতর বলে চিকিত্সকরা জানিয়েছেন। নিহত আব্দুল লতিফের ভাগ্নে মুরাদ জানান, মামা ভ্যান চালাতেন। তিনি বৃহস্পতিবার দুপুরে হোসনী দালান থেকে একটি থিনারের ড্রাম নিয়ে তেজতুরি বাজারে ডেলিভারি দিতে যান। মামা কেরানীগঞ্জের বরিসুর এলাকায় থাকতেন। নিহত ইব্রাহিম খলিলের স্ত্রী লাভলী আক্তার জানান, তারা বংশালের আগা সাদেক লেনের ৭৫/২ নম্বর বাসায় থাকেন। তার স্বামী ব্যবসা করতেন। ঘটনার দিন সকালে বাসা থেকে বের হয়ে ঐ প্রতিষ্ঠানে গিয়েছিলেন। নিহত শফিউল আজমের বাড়ি ঝিনাইদহের বালিগঞ্জ থানার বাদুরগাছা গ্রামে। তিনি পূর্ব তেজতুরি বাজার এলাকায় থাকতেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতের পর ঐ প্রতিষ্ঠানে রাখা কেমিক্যালের ড্রামে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে। এতে অল্প সময়ের মধ্যে বেশি মানুষ দগ্ধ হন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে পূর্ব তেজতুরি বাজারের মাহফুজ সুইং এন্ড সার্ভিস নামে গার্মেন্টসের সরঞ্জাম ও ইলেকট্রনিক্স সামগ্রী সরবরাহকারী ঐ প্রতিষ্ঠানে আগুন লাগে। চকবাজারে আরো একজনের মৃত্যু গত ২ এপ্রিল চকবাজার থানার ছোটকাটরা এলাকায় একটি পারফিউম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ মফিজ উদ্দিন (৪২) শুক্রবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে ঐ অগ্নিকাণ্ডের ঘটনায় কবীর উদ্দিন মারা যান। এ ঘটনায় অগ্নিদগ্ধ আরেকজন আব্দুল আজিজ চিকিত্সাধীন।