প্রাপ্ত সিগনাল নিখোঁজ বিমানের বলে দাবি অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর

আপডেট : ১১ এপ্রিল ২০১৪, ২২:৪৫
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবেটা জানিয়েছেন, মালয়েশিয়ার নিখোঁজ বিমানের অনুসন্ধান করতে গিয়ে ভারত মহাসাগরে যে সিগন্যাল পাওয়া গেছে সেগুলো ওই বিমানেরই। তিনি নিশ্চিত করে বলেন, সিগন্যালগুলো সব বিমানের ব্ল্যাক বক্সেরই। গতকাল শুক্রবার চীনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। টনি অ্যবোট বর্তমানে সরকারি সফরে চীনে রয়েছেন। খবর বিবিসির। প্রধানমন্ত্রী বলেন, সিগন্যালের বিষয়ে নিশ্চিত হওয়ায় অনুসন্ধান এলাকা সংকীর্ণ করা হয়েছে। তিনি বলেন, ব্ল্যাক বক্সের ব্যাটারি শেষ হওয়ার আগেই তদন্ত দলকে ব্ল্যাক বক্সটি উদ্ধার করতে হবে। অনুসন্ধানে নিয়োজিত কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী জানান, কয়েক কিলোমিটারের মধ্যেই ব্ল্যাক বক্স আছে। তবে তিনি তার আত্মবিশ্বাসের কারণ ব্যাখ্যা করে বলেন, আমরা বেশকিছু সংকেত শনাক্ত করেছি। কয়েকটি বেশ দীর্ঘ সময় ধরে। এরপরও আমরা যে ব্ল্যাক বক্স থেকে সংকেত পেয়েছি বলে নিশ্চিত তা ক্ষীণ হয়ে আসার সময় ঘনিয়ে আসছে। উল্লেখ্য, গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেজিং যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া এমএইচ৩৭০ বিমানটির ২৩৯ জন যাত্রীর দুই-তৃতীয়াংশ যাত্রীই ছিল চীনা নাগরিক। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ক্রমাগত ব্যাপক তল্লাশির পরেও এখনও পর্যন্ত বিমানটির কোনও খোঁজই পাওয়া যায়নি। যদি এই ব্ল্যাক বক্সটি উদ্ধার করা সম্ভব হয় তাহলে বিমানটি সম্পর্কে অনেক অজানা তথ্যই জানা যাবে। আর অনুসন্ধান অভিযানে আসবে এক ঐতিহাসিক সাফল্য।