ভারতে এবার লোকসভা ভোটে সবচেয়ে আলোচিত লড়াই হতে চলেছে উত্তরপ্রদেশের বেনারস কেন্দ্রে। এখানে এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত দুই চরিত্র মুখোমুখি লড়বেন। বিজেপির প্রধানমন্ত্রী পদ প্রার্থী নরেন্দ্র মোদীর প্রতিদ্বন্দ্বী আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালের মত হেভিওয়েট প্রার্থী। তাই বেনারসের লক্ষাধিক বাঙালির ভোট পেয়ে নরেন্দ্র মোদীর জয় নিশ্চিত করতে বিজেপির ভরসা ‘বঙ্গ-ব্রিগেড’। বেনারসে কলকাতা থেকে পাঠানো হচ্ছে ১৫০ জন বাঙালি যুবক-যুবতীকে। এই ‘বঙ্গ ব্রিগেড’ বেনারসের বাঙালি পাড়ায় মোদীর নাম প্রচার করবেন।
২০০৯ সালে বিজেপির মুরলিমনোহর যোশী বেনারসে জিতেছিলেন মাত্র ১৭ হাজার ভোটে। সাড়ে ৬ লক্ষ ভোটের মধ্যে চতুর্মুখী লড়াইয়ে ৩০ শতাংশ ভোট জুটেছিল বিজেপির। এবার বেনারসে উত্তর প্রদেশের প্রধান দুই বিরোধী দল সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি এবং জাতীয় কংগ্রেস ছাড়াও মোদীর প্রতিপক্ষ আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালও। মুসলিম ভোট পেতে রয়েছে কওমি একতা পার্টিও। এবার এখানে লড়াই ষষ্ঠমুখী।
