এতদিন নিজেকে অবিবাহিত বলে দাবি করা সত্ত্বেও চলতি লোকসভা নির্বাচনের আগে নিজেকে হঠাত্ করে বিবাহিত উল্লেখ করায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীর উদ্দেশে কঠোর ভাষায় বিদ্রুপ করেছেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। রাহুল প্রশ্ন তুলেছেন, এতদিনের ‘কুমার’ মোদী হঠাত্ করে তার ‘কৌমার্য্য’ ঘুচিয়ে দিলেন কেন তার রহস্য উন্মোচন করা জরুরি হয়ে পড়েছে। এটা মোদীর রাজনৈতিক সুবিধা নেয়ার কৌশল বলে তিনি উল্লেখ করেন।
জম্মু ও কাশ্মীরের একটি সমাবেশে রাহুল মোদীর বিরুদ্ধে গতকাল এই কঠোর আক্রমণ করে বলেন, মোদী এ পর্যন্ত কতগুলো নির্বাচনে লড়াই করেছেন তা তিনি নিজেই হয়তো মনে করতে পারবেন না। কিন্তু এটা মনে করতে পারবেন, কোনো নির্বাচনে প্রার্থী হয়ে হলফনামা জমা দেয়ার সময় নিজেকে বিবাহিত বলে উল্লেখ করেছিলেন কি না। বিজেপি নাকি নারীকে ভীষণ সম্মানের চোখে দেখে। কিন্তু একজন স্ত্রীকে এতদিন ধরে অস্বীকার করার পর হঠাত্ স্বীকার করা কি সম্মানের কাজ? বিপদ বুঝলে মোদীর মতো মানুষ সবই পারে বলে বিদ্রুপ করেন রাহুল। তিনি জনগণের প্রতি আবারো কংগ্রেসকে ক্ষমতায় আনার আহ্বান জানান।
এর কয়েক ঘন্টা পর ছত্তিশগড় থেকে রাহুলের এই কটাক্ষের জবাব দেন মোদী। তিনি বলেন, রাহুলের মুখে সমালোচনা মানায় না। যে দল দুর্নীতিতে আকণ্ঠ ডুবে আছে তার সমালোচনা বিজেপি শোনে না। মোদী আরো বলেন, রাহুল গান্ধীর দল নিজেদের কাজের জন্য জবাবদিহি করতে রাজি নয়। অথচ তারা অন্যদের কাছে জবাবদিহিতা চায়। রাহুলের কাছে কৈফিয়ত দিতে প্রস্তুত নন বলে মোদী উল্লেখ করেন।
